কুলাউড়া সরকারি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন / ০ Views
কুলাউড়া সরকারি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দলীয় লোকদের চাকরি দিয়ে বিএনপি সরকার নব্য ফ্যাসিবাদী আচরণ শুরু করেছে। এর বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলন শুরু করলে দিল্লি, পিন্ডি কিংবা লন্ডনেও পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। তিনি আরো বলেন, ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিশনাল পিরিয়ড। এসএসসিতে যে পরিমাণ শিক্ষার্থী এ প্লাস পায়, এইচএসসিতে সেই পরিমাণ শিক্ষার্থী এ প্লাস পায় না। মানুষের ভবিষ্যৎ নির্ভর করে তার কর্মপরিকল্পনার ওপর। এই সময়টা একজন শিক্ষার্থীর নিজেকে গড়ে তোলার সময়। একই অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, গত ৫৫ বছরে যারা এমপি, মন্ত্রী ও প্রধানমন্ত্রী হয়েছেন, তাঁদের সময়ে সমাজে দাঙ্গাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, দুর্নীতি ও সন্ত্রাসবাদ প্রতিষ্ঠিত হয়েছে। এ কারণে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। জুলাই বিপ্লব হয়েছিল সব বৈষম্য দূর করার জন্য। কিন্তু বিএনপি সরকার সাত মাসের মধ্যেই আবার বৈষম্য শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি। শিক্ষার্থীদের অধিকার হরণ করা হচ্ছে এবং মেধাবীদের বঞ্চিত করে স্বজনপ্রীতি ও ঘুষের মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে ডাকসু ভিপি বলেন, ইনসাফের বাংলাদেশ গড়তে হলে তোমাদের প্রস্তুত হতে হবে। নতুন প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে ঢাকা পল্টন জামায়াতের আমির শাহিন আহমদ খান, কুলাউড়া উপজেলা জামায়াতের আমির আব্দুল মুন্তাজিম, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, পৌর আমির মো. জাকির হোসেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার, কলেজ শাখার সভাপতি মুজাহিদুল ইসলামসহ স্থানীয়  জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।