
নিজস্ব প্রতিবেদক
লন্ডনের মাত্র ১২ বছর বয়সে প্রকাশিত হল কমলগঞ্জের জয়নব চৌধুরীর দ্বিতীয় বই ‘A Leap Into The Unknown’, যার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয় লন্ডনের ব্র্যাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত ১৪তম বাংলাদেশ বইমেলা ২০২৬-এ।

বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ বইটির প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত রুপা চক্রবর্তী, সোয়ানলী স্কুলের হেড অফ দ্যা ইয়ার মিস মারবিচ, ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর সাবিনা আক্তার, কাউন্সিলর বুলবুল আহমেদ, শিক্ষিকা মিস ও’নীল, কবি মুহাম্মদ ইকবাল এবং অনুবাদক আনিসুজ্জামানসহ সাহিত্য, সংস্কৃতি ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জয়নাবের দ্বিতীয় বই ‘A Leap Into The Unknown’ মূলত প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক বিদ্যালয়ে উত্তরণের অভিজ্ঞতা নিয়ে রচিত। উপস্থিত বক্তারা জয়নাবের প্রকাশনা এবং অর্জনকে শিক্ষাগত উৎকর্ষতা, অধ্যবসায় এবং সৃজনশীলতার অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

জয়নাব এমন একটি পরিবারে বেড়ে উঠেছেন, যার শিকড় শিক্ষা, জনসেবা এবং সমাজকল্যাণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাঁর দাদা তৌহিদুল ইসলাম চৌধুরী বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে সুপারিনটেনডেন্ট ছিলেন। তাঁর দাদি রুনা বেগম (বিএ, বিএড) কমলগঞ্জের সম্মানিত শিক্ষক হিসেবে দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে অবদান রেখে বহু শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
জয়নাবের পিতা হাসান চৌধুরী সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।
বই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশে জয়নাব বলেন “আমি বিশ্বাস করি শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়; বরং আমাদের ব্যক্তিগত বিকাশ এবং স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার জন্য।”
জয়নাব চৌধুরী মাত্র ১২ বছর বয়সে দুটি বই প্রকাশ এবং অল্প বয়সে লন্ডনে সিভিক এওয়ার্ড পেয়ে বাংলাদেশকে বহির বিশ্বে তুলে ধরলেন।
আপনার মতামত লিখুন :