প্রধানমন্ত্রীকে ঐক্য পার্টি’র এক গুচ্ছ দাবি নিয়ে স্মারকলিপি


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন /
প্রধানমন্ত্রীকে ঐক্য পার্টি’র এক গুচ্ছ দাবি নিয়ে স্মারকলিপি

স্টাফ রিপোর্ট 

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে একগুচ্ছ দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ঐক্য পাটি। ২৩ এপ্রিল বৃহস্পতিবার দলের চেয়ারম্যান লে. কর্ণেল আবু ইউসুফ যোবায়ের উল্লাহ (অব.) ও মুখপাত্র মুহাম্মদ আবদুর রহীম চৌধুরী এ স্মারকলিপি দেন।

এতে উল্লেখ করা হয়, প্রিয় মাতৃভূমিকে উন্নত দেশে রূপান্তরের বাধাসমূহ দূরীকরণার্থে ৫ ফেব্রুয়ারী ২০২১ সালে বাংলাদেশ ঐক্য পাটি (বিওপি) প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই প্রকাশিত ও অপ্রকাশিত বাধাসমূহ চিহ্নিতপূর্বক তা দূর করে দেশকে সত্যিকার অর্থে এগিয়ে নিতে দলটি কাজ করছে। দেশকে উন্নত বিশ্বে পরিণত করতে নিম্নলিখিত দাবি ও পরামর্শগুলো শীঘ্রই বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে- সকল মন্ত্রী, এমপিদের সাথে নিয়ে শতভাগ দেশপ্রেমে উজ্জীবিত হয়ে লোভ ও জীবনের ভয়ের উর্দ্ধে উঠে সৎ ও স্বচ্ছ হয়ে, একটিভ কিংবা প্যাসিভ কোনো ধরনের দুর্নীতি না করার জন্য স্ব স্ব ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করার লক্ষ্যে শপথ অনুষ্ঠানের আয়োজন করা। আতংকমুক্ত পরিবেশ নিশ্চিত করা। শেখ হাসিনার পর সবচেয়ে বড় অপরাধী বর্তমান প্রেসিডেন্ট মো. শাহাবুদ্দিন। তিনি ছাড় পেয়ে থাকলে তার চেয়ে কম অপরাধীদের শাস্তি দেওয়া ন্যায্য নয়।

এতে বলা হয়েছে, দুর্নীতিমুক্ত পরিবেশ সৃষ্টি, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ থেকে এই পর্যন্ত যারা একটিভ কিংবা প্যাসিভ অপরাধ করেছে, তাদেরকে আগে বিচারের আওতায় আনা, স্বাধীন ন্যাশনাল ইন্টিগ্রিটি কমিশন গঠন করে রাস্ট্রের প্রধান নির্বাহীর অনিয়ম বন্ধেও যাতে কমিশন ভুমিকা রাখতে পারে সেরকম এখতিয়ার সেই কমিশনকে দিতে হবে। দেশের সবাইকে রাজনৈতিকভাবে সচেতন করার জন্য গ্রাম থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত অহংকারমুক্ত ও বিনয়ীদের নিয়ে সর্বজনীন কমিটি গঠন করে তাদের মাধ্যমে সব ধর্মের ধর্মীয় উপসনালয়গুলোর (মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত) নেতাদের সহযোগিতা নিয়ে রাজনৈতিকভাবে জনগণকে একটিভ করতে হবে।
এছাড়া বিদেশীদের সাথে গুরুত্বপূর্ণ চুক্তি ওপেন ফোরামে আলোচনা করে দেশপ্রেমিক দলগুলোর সমর্থন নেয়া, আমেরিকার সাথে ড. ইউনুস দেশের স্বার্থ বিরোধী যেসব চুক্তি করেছেন তা বাতিলের ব্যবস্থা , সেনাবাহিনীর সাথে দুরত্ব শূন্য মাত্রায় আনার লক্ষ্যে সব মামলা প্রত্যাহারের ব্যবস্থা করে তাদের সাথে নিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানায় দলটি।

সবচেয়ে বড় অপরাধী ও সবকিছুর মাস্টারমাইন্ড শেখ হাসিনা। তাঁর শাস্তি কার্যকরের সুযোগ নেই। তিনি ছাড় পেয়ে থাকলে অন্যদের শাস্তি দেওয়া অন্যায্য। তাই সবাইকে ১ম ও শেষবারের মতো ক্ষমা করে দিয়ে দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিতপূর্বক পরবর্তীতে নিজের পিতা কিংবা পুত্র অপরাধ করলেও ছাড় না দেওয়ার দাবি জানানো হয়।
বিতর্কিত ও বিভাজনের রাজনীতি এড়িয়ে জাতীয় ঐক্য সৃষ্টিপূর্বক দেশকে উন্নত করার হাজারো যে কাজ রয়েছে, সেসবে মনোযোগ দেওয়ার দাবি জানানোর পাশাপাশি সাম্রাজ্যবাদী কিংবা আধিপত্যবাদী কারো খপ্পরে পড়ে থাকলে দেশবাসীকে জানিয়ে দেশপ্রেমিক ব্যক্তি ও বিরোধী দলকে সাথে নিয়ে মন্ত্রী পরিষদ পুনর্গঠনপূর্বক প্রয়োজনে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আওয়ামীলীগ ও হিন্দু সম্প্রদায় থেকেও নিয়ে জাতীয় ঐক্য গঠন করার দাবি জানানো হয়।