
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় মোরগ বোঝাই একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টার দিকে এ ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার মোরগ ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় মোবারক হোসেন (৩৭) ও সানি আহমেদ (২৬) নামের দুইজন মোরগ সরবরাহকারী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলার ভৈরব মেঘনাঘাট এলাকায় সোহেল মিয়ার জিদান বয়লার হাউজ থেকে সিলেটের বিয়ানীবাজারের উদ্দেশ্যে ৯ শত ৫০টি লেয়ার মোরগ নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো ন-১৯২৩৪৪) গত রোববার রাতে রওয়ানা দেয়। ভোর ৬ টার দিকে গাড়িটি কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার অতিক্রমকালে চালকের চোখে ঘুমভাবের কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিআরটিসি বাসের পেছনে ধাক্কা দিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে ট্রাকটিতে থাকা জিদান বয়লার হাউজের ৩৫০ টি মোরগ মারা যায়। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতির দাবী জানান সরবরাহকারীরা।
দুর্ঘটনায় আহত মোবারক হোসেন ও সানি আহমেদ ভৈরব উপজেলার চন্দিবেথ দক্ষিণ পাড়া এলাকার বাচ্চু মিয়া ও হেলাল মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মোরগ সরবরাহকারী মোবারক হোসেন জানান, দুর্ঘটনার পরপরই কিছু স্থানীয় ব্যক্তিরা ট্রাক থেকে অনেক মোরগ লুটপাট করে নিয়ে যায়, ফলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।
এদিকে খবর পেয়ে কমলগঞ্জ থানার এএসআই আলামিন মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :