জামালগঞ্জের পল্লীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশীর লাঠির আঘাতে নিহত-১


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২২, ১১:২২ অপরাহ্ন /
জামালগঞ্জের পল্লীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশীর লাঠির আঘাতে নিহত-১

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পল্লীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর লাঠির আঘাতে একজন নিহত হয়েছেন।

নিহতের নাম মো. জিয়াউর রহমান জিয়া (৪৩)। তিনি উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের হাসন আলীর ছেলে। সোমবার বিকেলে সদর ইউনিয়নের সোনাপুর- লক্ষ্মীপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে। এঘটনায় ইমামুল নামের আরেকজন কে আশঙ্কাজনক অবস্থায়  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, সোনাপুর গ্রামের সাজ্জাদ হোসেন গংদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ লক্ষ্মীপুর গ্রামের ইমামুল গংদের বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে সোমবার দুপুরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সোনাপুর, লক্ষ্মীপুর গ্রামের হাওরের মাঝে দু গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে ইমামুল (৩৫) গুরুতর আহত হন। দুই গ্রুপের মারামারির একপর্যায়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।

কিছুক্ষণ পর হাওর থেকে লক্ষ্মীপুর ফেরার পথে সোনাপুর গ্রামের সাজ্জাদের লোকজন জিয়ার ওপর পুনরায় হামলা চালায়। এতে জিয়া গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষণিক তাকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. সারোয়ার হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় জিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কোন মামলা হয়নি। তবে এমন ন্যাক্কারজনক ঘটনায় অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।