কুলাউড়া পৌরসভার মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন /
কুলাউড়া পৌরসভার মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ
কুলাউড়া প্রতিনিধি 
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আয়োজনে ‘মেধাবৃত্তি-২০২৫’ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে পৌরসভা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের এই মেধাবীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের সুপ্ত প্রতিভা একদিন কুলাউড়াকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। দেশ ও জাতি গঠনে তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক আহবায়ক রেদোয়ান খান, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানা শারমীন জেরিন, অবসরপ্রাপ্ত প্রভাষক সিপার আহমেদ, সাবেক কাউন্সিলর কায়সার আরিফ ও সাংবাদিক নাজমুল বারী সোহেল প্রমুখ।
পৌরসভা সূত্রে জানা যায়, কুলাউড়া পৌরসভার ৪র্থ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এবার পৌর এলাকার ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩য়, ৫ম ও ৮ম শ্রেণির মোট ৪০৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ১০ জন ট্যালেন্টপুল এবং ৫৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।###