কুলাউড়ার টিলাগাঁও-এ অতিদরিদ্রদের মাঝে ওয়াফের বকনা বাছুর বিতরণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ৮:২০ অপরাহ্ন / ০
কুলাউড়ার টিলাগাঁও-এ অতিদরিদ্রদের মাঝে ওয়াফের বকনা বাছুর বিতরণ

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আর্থিক সহযোগিতায় এবং উই আর ফ্রেন্ডস্ ফর হিউম্যান (ওয়াফ) এর বাস্তবায়নে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অতিদরিদ্র ১০টি পরিবারের আয়বর্ধন, নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্ভী হওয়ার লক্ষ্যে নারীদের মাঝে মোট ১০টি বকনা বাছুর বিনামূল্যে বিতরণ করা হয়। গতকাল সকাল ১১টায় টিলাগাঁওস্থ ওয়াফ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপির ভারপ্রাপ্ত

চেয়ারম্যান আব্দুল বাছিত। ওয়াফের সমন্বয়কারী আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা এনজিও সমন্বয়কারী ও পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা অফিসারের প্রতিনিধি আব্দুল খালিক, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস, সিরাজাম মুনিরা মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আল আমিন, ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুল মালিক ফজলু, ৬নং ওয়ার্ডের সদস্য কয়ছর রশিদ, ৫নং ওয়ার্ডের সদস্য আব্দুল আজিজ বেগ, ওয়াফ কার্যনির্বাহী কমিটির ইন্তাজ আলী ও পশু চিকিৎসক নিত্য লাল দেব। অনুষ্ঠানে উপকারভোগীসহ ওয়াফের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন। সভায় অতিথিরা এরকম কার্যক্রম আরো বৃদ্ধি করার জন্য ওয়াফের প্রতি আহবান জানান এবং বিনামূল্যে বাছুর বিতরণের জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
এর আগে সকাল ১০টায় উপকারভোগীদের মাঝে গরু পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন পশু চিকিৎসক নিত্যলাল দেব।
আলোচনা সভা শেষে অতিথিরা ১০ জন উপকারভোগীর মাঝে বকনা বাছুর বিতরণ করেন। বাছুরগুলো পেয়ে উপকারভোগীরা বেশ আনন্দিত হতে দেখা গেছে।

আয়োজক সংস্থা সূত্র জানায়, গত বছরও এনজিও ওয়াফ একইভাবে বিএনএফের সহযোগিতায় টিলাগাঁও এর ৩নং ওয়ার্ডে উপকারভোগীদের মাঝে ১০টি বকনা বাছুর বিতরণ করে।