
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভীর আহমদ (২১) নামে এক কলেজ পড়ুয়া ছাত্র নিহত হয়েছেন। তানভীর জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের রাজাপুর গ্রামের সফায়ত আলীর ছেলে এবং কুলাউড়া সরকারি কলেজের শিক্ষার্থী।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের উত্তর কুলাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর কুলাউড়া শহরের একটি মোবাইল ফোনের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়িতে খাবার খেয়ে মোটরসাইকেলযোগে কুলাউড়া শহরের উদ্দেশ্যে রওনা দেন তানভীর। পথে উত্তর কুলাউড়া এলাকায় একটি প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাইভেট কারটি নিজ লেন ছেড়ে বিপরীত পাশে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনার পর গাড়ির চালক পালিয়ে গেছে। ঘাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :