হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৬:২৬ অপরাহ্ন /
০ Views
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী তরুণ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগান এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের আজগর খাঁনের ছেলে মোহাদ্দিছ খান (২০) এবং একই ইউনিয়নের সতং গ্রামের শেখ আব্দুল কাইয়ুমের ছেলে শেখ নয়ন মিয়া (২০)। তারা দুজনই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে চড়ে উপজেলার চণ্ডী রামগঙ্গা চা বাগান এলাকায় ঘুরতে গিয়েছিলেন ওই দুই যুবক। বিকেল বেলা চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ শেষে তারা বাড়ি ফিরছিলেন। ফেরার পথে চান্দপুর চা বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের (ইজিবাইক) সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘাত হয়। বিকট শব্দে ঘটে যাওয়া এই সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়েন। সংঘর্ষের সময় ঘটনাস্থলেই মোহাদ্দিছ খান ও শেখ নয়ন মিয়ার মর্মান্তিক মৃত্যু হয়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ সড়ক থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।।
আপনার মতামত লিখুন :