ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট।
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফের বিশেষ কৌশলে আনা এক কেজি ১৬০ গ্রাম স্বর্ণের চালান জব্দ করা হয়েছে। জব্দ স্বর্ণের বাজার মূল্য ৮০ লাখ টাকা।
বৃহস্পতিবার (২ জুন) এই স্বর্ণসহ গ্রেফতার হয়েছেন আবুধাবি প্রবাসী মঈনুল ইসলাম শাকিল (২২)। তিনি স্বর্ণগুলোকে রুপালি প্রলেপ দিয়ে বিশেষ কায়দায় লাগেজের রড বানিয়ে বহন করছিলেন।
বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, আবুধাবি থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানের বিজি ২২৮ নম্বর ফ্লাইটে আসেন শাকিল। সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। তার সঙ্গে স্বর্ণ বা অন্য কোনো পণ্য আছে কি না জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে অস্বীকার করেন। তার দেহ তল্লাশি করেও কিছু পাওয়া যায়নি।
পরে তার সঙ্গে থাকা লাগেজের সঙ্গে পেঁচানো রুপালি রঙের প্রলেপ দেওয়া তারের দুটি পাত পাওয়া যায়। শাকিল এক কেজি ১৬০ গ্রাম স্বর্ণ দিয়ে ওই পাত তৈরি করে ট্রলি ব্যাগের ভেতরে রড হিসেবে ব্যবহার করছিলেন। স্বর্ণগুলো জব্দের পর তার নামে মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার মো. আল আমিন জাগো নিউজকে বলেন, স্বর্ণ চোরাচালান রোধে কাস্টমস কর্তৃপক্ষ সবসময় সতর্ক রয়েছে। বৃহস্পতিবার জব্দ করা স্বর্ণের ওজন এক কেজি ১৬০ গ্রাম। যার মূল্য প্রায় ৮০ লাখ টাকা। আটক মঈনুলের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় মামলা দিয়ে আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট বাজারের বাসিন্দা।
বিমানবন্দর কাস্টমসের এই কর্মকর্তা বলেন, এর আগে গত ২৭ মে সকাল ৭টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীর কাছে একই পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়। সিলেটের গোলাপগঞ্জের মো. আলী আহমদ নামে এক যাত্রী একটি নেবুলাইজার মেশিনের ভেতরে করে কৌশলে এক কেজি ১৬০ গ্রাম স্বর্ণের ১১টি পাত বহন করছিলেন। সেই পাতগুলোতেও রুপালি প্রলেপ দেওয়া ছিল।
আপনার মতামত লিখুন :