যে সম্মানে আবেগতাড়িত হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধারা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২২, ৯:০১ অপরাহ্ন /
যে সম্মানে আবেগতাড়িত হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধারা

ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট

সুনামগঞ্জের জগন্নাথপুরে সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চ থেকে নিচে নেমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে স্যালুট দেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। এ সম্মান প্রদর্শনে আবেগতাড়িত হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধারা।

তারা বলেন, জীবনের প্রথম জীবিত অবস্থায় একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে স্যালুট পেলাম। আমরা অভিভূত।

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার বিকালে উপজেলা পরিষদের সামনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম।

বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, থানার ওসি মিজানুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন প্যানেল মেয়র সাফরোজ ইসলাম প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা আবদুল হক বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্চ থেকে নিচে নেমে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি যে সম্মান প্রদর্শন করেছেন তাতে আমরা অভিভূত। অনেক সময় দায়সারাভাবে মুক্তিযোদ্ধা সংবর্ধনার নামে আমাদের সম্মান জানানো হয়। একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে জীবন সায়াহ্নে এসে এতটুকু প্রাপ্তি আমাদের জীবনবাজি রেখে মুক্তি সংগ্রামে অংশ নেওয়াকে সার্থক করেছে।

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম বলেন, মৃত্যুর পর স্যালুট তো আমরা দেখি না, জীবিত অবস্থায় স্যালুট পেয়ে আনন্দে মন ভরে গেছে।

সভার প্রত্যক্ষদর্শী শিক্ষক সাইফুল ইসলাম রিপন জানান, মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ অনেকেই ছিলেন মঞ্চে। আর বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ছিলেন মঞ্চের নিচে বসা। সভা চলাকালে ওসিকে তার বক্তব্যের জন্য ডাকা হলে তিনি নিচে নেমে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের স্যালুট দেওয়ার বিষয়টি ব্যতিক্রম ও প্রশংসনীয় ছিল।

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান যুগান্তরকে বলেন, মুক্তিযোদ্ধারা জাতীয় বীর এবং জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের জন্য তারা যে ত্যাগ স্বীকার করেছেন এর জন্য আমরা কৃতজ্ঞ। তাদের একসঙ্গে পেয়ে সম্মান জানিয়ে স্যালুট দিতে পেরে খুব ভালো লাগছে।