ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব টেকনিশিয়ান) সাইফুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হিমাংশু লাল রায়। অন্যথায় সিলেট বিভাগে স্বাস্থ্যসেবা বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন তিনি।
বুধবার দুপুরে হবিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। এ মানববন্ধনে তিনি এই হুমকি দেন।
জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগের সেবা ব্যতীত সব ধরনের সেবা প্রদান বন্ধ রাখা হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা পোষণ করে তিনি বলেন, দিনদুপুরে প্রকাশ্যে শহরের প্রধান সড়কে মানুষের সামনে এমন ঘটনায় আমরা হতভম্ব। তাকে যারা এভাবে দিনদুপুরে মেরেছে এমন নৃশংস হত্যাকাণ্ড অত্যন্ত বর্বরোচিত এবং অমানবিক। মাত্র দেড় বছর আগে তিনি চাকরিতে যোগদান করেছেন। এরকম একটি তরতাজা ছেলেকে হত্যা করেছে। যে কোভিডের সময় জেলাবাসীকে সর্বোচ্চ সেবা দিয়েছে। সহযোগিতা করেছে। এরকম একটি হত্যাকাণ্ডে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ক্ষোভ প্রকাশ করছি। অসন্তোষ প্রকাশ করছি। এখানে মানবতা ভূলুণ্ঠিত হয়েছে।
তিনি বলেন, আমরা আজ এ কর্মসূচি থেকে করছি আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এ সময় পর্যন্ত আমরা এ হাসপাতালে শুধু জরুরি সেবাগুলো চালু রাখব। যদি ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের ধরতে ব্যর্থ হন তবে পুরো সিলেট বিভাগে সব ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম আমরা বন্ধ করে দেব। কারণ আমরা দেখছি বাংলাদেশজুড়ে বারবার একই ঘটনা ঘটছে। এ অবস্থায় স্বাস্থ্যকর্মীরা যদি নিরাপত্তা না পায় তবে জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমরা আর অপেক্ষা করব না।
স্বাস্থ্য বিভাগের আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন জেলা বিএমএর সভাপতি ডা. মুশফিক হোসেন চৌধুরী।
অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, এ বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে সিসিটিভির কিছু ফুটেজও সংগ্রহ করা হয়েছে। আরও তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। কিছু তথ্য ইতোমধ্যে পেয়েছি। তদন্তও এগোচ্ছে। এ বিষয়ে এখনো মামলা হয়নি। তবে তা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :