কুলাউড়ায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২১, ১২:৫৬ পূর্বাহ্ন /
কুলাউড়ায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের সর্বত্র জেঁকে বসছে শীত। চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে ব্যাহত হচ্ছে নি¤œ আয়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সকালে রোদের দেখা মিললেও শীতের তীব্রতা বেশি থাকায় আগুন জ্বালিয়ে অনেকেই শীত নিবারণ করছেন। সন্ধ্যা নামতেই শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষ শীতে কাবু হয়ে পড়ছেন। কাজ ছাড়া ঘরের বাইরে কেউই বের হননি। বেশি ভোগান্তিতে রয়েছেন ছিন্নমূল মানুষ।

শীতের তীব্র দাপটে ছিন্নমূল ও অসহায় মানুষদের সামান্য উষ্ণ দিতে প্রধানমন্ত্রীর দেয়া শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছে কুলাউড়া উপজেলা প্রশাসন। সোমবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়া রেলস্টেশন প্ল্যাটফর্মে আশ্রয় নেওয়া অন্তত তিন শতাধিক মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ছিন্নমূল ও অসহায় মানুষদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সফি আহমদ সলমান। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী প্রমুখ।

ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী জানান, অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী ৫ হাজার ৭শ’ কম্বল কুলাউড়ায় পাঠিয়েছেন। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে গরিব ও দুস্থদের মাঝে এসব কম্বল বিতরণ করা হবে।