কমলগঞ্জের শমশেরনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবক আটক


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ১২:০৮ অপরাহ্ন / ০
কমলগঞ্জের শমশেরনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবক আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের মোকামবাজার এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে পাপন পাল (১৮) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা। রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মোকামবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক পাপন পাল রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বসবাস করতো। তাঁর পিতার নাম প্রণব পাল।

স্থানীয়দের দাবি, রাতে শমশেরনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে চারজনের একটি দলকে ঘিরে সন্দেহ তৈরি হয়। এ সময় পাপন পালকে আটক করা হয় এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয়দের আরও দাবি, তাঁর মোবাইল ফোনে থাকা একটি ম্যাসেঞ্জার গ্রুপে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন তথ্য পাওয়া গেছে। পুলিশ জানায়, আটক পাপন পাল মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী বেলাল আহমদ এর নির্দেশে এখানে আসে।

শমশেরনগর এর স্থানীয় সমাজসেবক আহমেদুর রহমান খোকন বলেন, শমশেরনগর পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র জ্বালিয়ে দিতে ৪ জন লোক এসেছিল। স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে তিনজন পালিয়ে গেলেও এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, একজনকে আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আটক পাপন পালের মূল বাড়ি কুলাউড়া উপজেলায়।