হাওর পেরিয়ে ব্যারিস্টার হলেন শাল্লার আল আমিন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৬, ১০:০০ অপরাহ্ন / ০ Views
হাওর পেরিয়ে ব্যারিস্টার হলেন শাল্লার আল আমিন
হাবিবুর রহমান- হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
হাওর অধ্যুষিত সুনামগঞ্জের শাল্লা উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ আল আমিন যুক্তরাজ্যের ঐতিহবাহী ‘ইনস অব কোর্ট’ (Inns of Court) ইনার টেম্পল থেকে ‘বার-অ্যাট-ল’ (Bar-at-Law) ডিগ্রি ও আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছেন। তাঁর এই অর্জনে নিজ গ্রাম ফয়েজুল্লাপুরসহ পুরো উপজেলায় আনন্দের আমেজ বইছে।
​
মোহাম্মদ আল আমিন শাল্লার হবিবপুর ইউনিয়নের ফয়েজুল্লাপুর গ্রামের শিক্ষক মোঃ আব্দুল আলী ও তৈজ্জতুন নেছার জ্যেষ্ঠ পুত্র। তিনি শাল্লার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় এবং হবিগঞ্জ শচীন্দ্র কলেজের (২০০৬-০৭ শিক্ষাবর্ষ) প্রাক্তন শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন।
​
ব্যারিস্টার আল আমিন বলেন, “বাবা-মা, শিক্ষক, সহযোগী ও শাল্লাবাসীর দোয়া ও ভালোবাসায় আজকের এই অর্জন সম্ভব হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব।”
​
স্থানীয়দের মতে, কালনী নদীর পাড় ও হাওরের নানা সীমাবদ্ধতা জয় করে আল আমিনের এই সাফল্য ভাটি অঞ্চলের তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা ও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।