
কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) রাতে কুলাউড়া থানায় মামলাটি দায়ের করেন উপজেলা বিএনপির নেতা মইনুল হক বকুল। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজহারে ২০১৮ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকের একটি ঘটনা উল্লেখ রয়েছে। প্রায় আট বছর আগের ঘটনা নিয়ে নতুন করে মামলা হওয়ায় কুলাউড়ার রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা ও সমালোচনা।
মামলার বাদী মইনুল হক বকুল কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে কুলাউড়া উপজেলা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। ২০২৩ সালের নভেম্বর মাসে বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালীন তাকে আটক করে থানা পুলিশ।
অন্যদিকে এম এম শাহীন একসময় কুলাউড়া উপজেলা বিএনপির রাজনীতিতে পরিচিত মুখ ছিলেন। স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার পাশাপাশি তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে নির্বাচন করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদকে পরাজিত করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও তাকে দলে ফিরিয়ে নেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনেও তিনি বিএনপির মনোনয়নবঞ্চিত হন। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় পার্টির অ্যাড. নওয়াব আলী আব্বাছ খানের কাছে পরাজিত হন।
এর প্রায় এক দশক পর ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দলের (বিকল্পধারা) প্রার্থী হিসেবে তিনি মৌলভীবাজার-২ আসনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনেও ধানের শীষের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদের কাছে তিনি পরাজিত হন।
সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে এম এম শাহীন তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে সোনালী আঁশ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনের পর দলীয় রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন এম এম শাহীন। পরবর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান।
দীর্ঘ বিরতির পর চলতি নভেম্বর মাসে দেশে ফেরেন এম এম শাহীন। এ খবরে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে সমালোচনামূলক পোস্টও করেন কয়েকজন নেতাকর্মী। তাদের অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হওয়ার পর বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন মামলা ও হয়রানির শিকার হয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সময়কার ঘটনার বিচারও দাবি করেন তারা। এরই মধ্যে ২০১৮ সালের একটি ঘটনার অভিযোগ এনে তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়।
এদিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন এম এম শাহীন। তিনি লেখেন, ‘আমি স্তম্ভিত, হতবাক!! আমাকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা!’
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দন্ডবিধির ১৪৩, ৪২৭, ৪৩৬, ৩৮০ ও ১০৯ ধারায় মইনুল হক বকুল বাদী হয়ে কুলাউড়া থানায় মামলাটি করেছেন। তার ভাষ্য অনুযায়ী, অভিযোগে উল্লেখ করা ঘটনাটি ২০১৮ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টার। অথচ মামলাটি দায়ের করা হয়েছে ২০২৬ সালের ১৫ নভেম্বর। প্রায় আট বছর আগের ঘটনা নিয়ে এখন মামলা হওয়ায় বিস্ময় প্রকাশ করে তিনি লেখেন, ‘আট বছর পর হঠাৎ এই মামলা! আমি সত্যিই বিস্মিত, স্তম্ভিত ও হতবাক!’
গতকাল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনায় বিস্ফোরক আইনে সাবেক এমপি এম এম শাহীন এর বিরুদ্ধে মামলাটি হয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
আপনার মতামত লিখুন :