
কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সংসদে হাজিপুরে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি এবং ভাটেরায় একটি পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু। তবে ওই দুই ইউনিয়নের নাম উল্লেখ করলেও টিলাগাঁও ইউনিয়নের বিষয়ে কোনো দাবি না তোলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে নানা আলোচনা-সমালোচনা।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে হাজিপুর ও ভাটেরায় পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প স্থাপনের দাবি জানান সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। বিষয়টি জানাজানি হলে টিলাগাঁও ইউনিয়নের বাসিন্দা ও প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কুলাউড়া বাংলাদেশী অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের এক সংবর্ধনা অনুষ্ঠানে টিলাগাঁওয়ের প্রবাসীরা পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়টি সংসদ সদস্যের নজরে আনেন। ওই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, প্রাথমিকভাবে পুলিশ ফাঁড়ির বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। পুলিশ সুপার বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত জানাবেন বলে আশ্বস্ত করেছেন। তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, এটাও আমরা পাওয়ার পথে আছি।’
স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা জানান, টিলাগাঁও ইউনিয়ন কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের পাঁচটি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত। পাশাপাশি পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলা ও মৌলভীবাজার সদর উপজেলার সঙ্গে বিকল্প সড়কপথে যোগাযোগের সুবিধা রয়েছে। এ কারণে ইউনিয়নের বাঘেরটিকিসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। অন্যদিকে সীমান্ত দিয়ে পাচার করে আনা মাদক পরিবহনে চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে টিলাগাঁও এলাকাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে আসছে বলে অভিযোগ রয়েছে।
তাঁদের ভাষ্য, উপজেলা শহর থেকে প্রায় ১৫-২০ কিলোমিটার দূরে সীমান্তবর্তী হাজিপুর, শরীফপুর, কর্মধা, পৃথিমপাশা ও টিলাগাঁও ইউনিয়নের অবস্থান। ফলে কোনো অপরাধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপরাধীরা পালিয়ে যাওয়ার সুযোগ পায়। বিশেষ করে রাতে দীর্ঘ সময় টহল দিতে গিয়ে পুলিশকেও নানা বিড়ম্বনায় পড়তে হয়।
এলাকার অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে টিলাগাঁওয়ে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা। এ বিষয়ে স্থানীয় সচেতন মহলও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময়ে দাবি তুলে ধরেছেন।
২০২৩ সালে ফাঁড়ি স্থাপনের ঘোষণা
প্রসঙ্গত, টিলাগাঁও ইউনিয়নে অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি তৎকালীন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের ঘোষণা দিয়েছিলেন। ওই দিন দুপুরে টিলাগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
তৎকালীন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালিকের সভাপতিত্বে এবং টিলাগাঁও প্রবাসী সামাজিক সংগঠনের সমন্বয়ক সেলিম আহমদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ, কুলাউড়া থানার তৎকালীন অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, টিলাগাঁও প্রবাসী সামাজিক সংগঠনের সমন্বয়ক সৈয়দ আব্দুছ শহীদ ও সাংবাদিক মাহফুজ শাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা টিলাগাঁওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপার ইউনিয়ন পরিষদের জায়গায় অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের ঘোষণা দেন। পাশাপাশি ভবিষ্যতে সেখানে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
পরে স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের সহযোগিতায় পুলিশ ফাঁড়ির জন্য ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। একই বছরের ২৫ মে দুপুরে টিলাগাঁও ইউনিয়নে প্রস্তাবিত পুলিশ ফাঁড়ির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ, কুলাউড়া থানার তৎকালীন অফিসার ইনচার্জ আব্দুছ ছালেকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
এত উদ্যোগ ও দীর্ঘদিনের দাবির পরও টিলাগাঁওয়ে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়টি এখনো চূড়ান্ত না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা। তাঁদের প্রত্যাশা, জননিরাপত্তার স্বার্থে সংসদ সদস্য বিষয়টি পুনরায় গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং টিলাগাঁওয়ে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনে কার্যকর উদ্যোগ নেবেন।
আপনার মতামত লিখুন :