কুলাউড়ায় বাণিজ্য মেলা ঠেকাতে ব্যবসায়ী কল্যাণ সমিতির জরুরি সভা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন / ০
কুলাউড়ায় বাণিজ্য মেলা ঠেকাতে ব্যবসায়ী কল্যাণ সমিতির জরুরি সভা

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় নভেম্বর মাসজুড়ে বাণিজ্য মেলার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় একটি মহল। শহরের ডাকবাংলো মাঠে এই মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজক কমিটির এ লক্ষ্যে প্রস্তুতিও রয়েছে।

অন্যদিকে মেলার নেতিবাচক বেশ কিছু কারণ দেখিয়ে মেলা ঠেকাতে কঠোর কর্মসূচির কথা জানিয়েছে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি। গতকাল রাতে এক জরুরি সভায় সংগঠনের নেতৃবৃন্দ জানান, কুলাউড়ায় বাণিজ্য মেলা বসলে মেলাকে কেন্দ্র করে বিভিন্ন অসামাজিক ও অশ্লীল কর্মকাণ্ড সংগঠিত হয়। মেলায় ঝগড়াঝাটি ও মারামারির মতো ঘটনা ঘটে। যা অতীতেও হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সম্ভাবনা থাকে। সংগঠনের সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও সম্পাদক আতিকুর রহমান আখইয়ের পরিচালনায় অনুষ্ঠিত ওই জরুরি সভায় সর্বসম্মতিক্রমে আগামী নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য মাসব্যাপি বাণিজ্য মেলা না করার আহবান জানিয়ে স্থানীয় সংসদ সদস্য, মৌলভীবাজার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে স্মারকলিপি প্রদান এবং মেলার বিষয়ে আপত্তি জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, “ব্যবসায়ীরা সরকারকে নিয়মিত ট্যাক্স, ভ্যাট, করসহ ট্রের্ড লাইসেন্স ফি দিয়ে ব্যবসা পরিচালনা করেন। দোকান ভাড়া, কর্মচারী বেতন, বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরছ দিয়ে ব্যবসা পরিচালনা করা বর্তমান সময়ে অনেক কষ্টকর। ব্যবসায়ীরা ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে হিমসিম খাচ্ছেন। এমতাবস্থায় বাণিজ্য মেলার নামে মেলা আয়োজন করলে দেশের বিভিন্ন জায়গা থেকে নিম্নমানের পণ্য সামগ্রি নিয়ে মেলায় বিক্রি করলে প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবে।

তাছাড়া, ডিসেম্বর মাসের শুরু থেকে এইচএসসি, এসএসসি, দাখিল ও আলীম পরিক্ষাসহ সকল বার্ষিক পরিক্ষা অনুষ্ঠিত হবে। পরিক্ষা চলাকালীন সময়ে মেলা অনুষ্ঠিত হলে ছাত্র/ছাত্রীরা পড়ার টেবিল ছেড়ে মেলামুখী হয়ে যাবে। এতে করে শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হবে।

সভায় উপস্থিত ছিলেন, সমিতির সহসভাপতি ডাঃ কুতুবউদ্দিন, সহসাধারণ সম্পাদক সাইফুর রহমান ও আলমাছ পারভেজ তালুকদার, কোষাধ্যক্ষ হাফিজ মাওলানা বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক এনামুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বেলায়েত হোসেন লাভলু, ওয়ার্ড সম্পাদক জাকির হোসেন মোহিত, মোঃ গৌছ মিয়া, মোঃ আব্দুল মতলিব ইমাদ, খালেদ আহমেদ, মোঃ খায়রুল ইসলাম, ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম সোনা, আব্দুল মন্নান, হায়দর আলী, আবুল কালাম রাসেল, আছকর আলী, জহিরুল ইসলাম এশু, নাজিম বখস, মোঃ মোস্তফা, ওয়াহিদুল ইসলাম সিপন, শাহদত খান ও রিংকু বর্ধন প্রমুখ।