শাল্লায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিরপেক্ষ থাকার নির্দেশ ইউএনওর


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন / ০ Views
শাল্লায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিরপেক্ষ থাকার নির্দেশ ইউএনওর

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

​সুনামগঞ্জের শাল্লায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

​উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস।

​সভাপতির বক্তব্যে ইউএনও পিয়াস চন্দ্র দাস বলেন, “ফ্যামিলি কার্ডের প্রকৃত সুবিধাভোগী নির্বাচনে স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। প্রতিটি পরিবার থেকে একজন মাত্র এই সুবিধা পাবেন। কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার না করে সম্পূর্ণ নিরপেক্ষ ও নির্ভুলভাবে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করতে হবে।”

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম এবং সাংবাদিক বকুল আহমেদ তালুকদার। বক্তারা প্রকৃত উপকারভোগীদের তালিকায় অন্তর্ভুক্ত নিশ্চিত করতে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহের ওপর জোর দেন।

​দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঠপর্যায়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিভিন্ন কৌশল শেখানো হচ্ছে। রোববার (১১ অক্টোবর) এ প্রশিক্ষণ সম্পন্ন হবে।