শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৬, ১০:০৯ অপরাহ্ন / ০
শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাদিকুর রহমান (৪২) নামের এক ইমামকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের একটি মসজিদের কক্ষের লেপের নিচ থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। অভিযুক্ত ইমামের বাড়ি একই উপজেলার হবিবপুর ইউনিয়নের জাতগাঁও গ্রামে; তিনি গত ১১ মাস ধরে ওই মসজিদে ইমামতি করছিলেন।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দোকান থেকে চা পাতা আনতে যাওয়ার পথে ইমাম ওই কিশোরীকে জোর করে নিজের কক্ষে টেনে নেন। বিষয়টি গ্রামের দুই স্কুলছাত্র দেখে আশপাশের লোকজনকে জানালে গ্রামবাসী কক্ষে ঢুকে লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন। এ সময় স্থানীয়রা ইমামকে মারধর করে আটকে রাখেন এবং পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।

​কিশোরীর অভিযোগ, কক্ষে নেওয়ার পর ইমাম তার মুখ চেপে ধরে এবং চিৎকার করতে চাইলে বাধা দেন। তবে আটক ইমাম শুধু হাত ধরার কথা স্বীকার করেছেন এবং অন্য কোনো অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন।

​শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীর পিতার অভিযোগের ভিত্তিতে ইমামকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।