কুলাউড়ায় নিলামের আগেই উধাও জব্দকৃত সিলিকা বালু!


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ৫:১১ অপরাহ্ন / ০ Views
কুলাউড়ায় নিলামের আগেই উধাও জব্দকৃত সিলিকা বালু!

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দেওছড়ায় অন্তত ২০ হাজার ঘনফুট সিলিকা বালু জব্দ করে প্রশাসন। পূর্বঘোষণা অনুযায়ী বুধবার (১১ নভেম্বর) উপজেলা প্রশাসন উক্ত বালু নিলামে বিক্রি করার কথা ছিল। নিলামের লক্ষ্যে যথাসময়ে হাজীপুরের দেওছড়ায় উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)। সেই সাথে উপস্থিত ছিলেন বালু নিলামে অংশগ্রহণকারী অন্তত দেড়শ’ লোক। কিন্তু সেখানে ঘটে গেল উল্টো ঘটনা। নিলামের আগে জব্দ বালুর বেশ কিছু অংশ চুরি হয়ে যায়। এতে বিপাকে পড়েন প্রশাসন। একপর্যায়ে ওই নিলাম বাতিল করা হয়। পুরো ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দেওছড়ার সিলিকা বালু দীর্ঘদিন থেকে একটি মহল হরিলুট করে আসছে। এদের মধ্যে কুলাউড়ার হাজীপুর এবং কমলগঞ্জ উপজেলার প্রভাবশালী মহল এই ঘটনার সাথে জড়িত। গত ৯ নভেম্বর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অভিযান পরিচালনা করে সেখানে বেশ কিছু সিলিকা বালু জব্দ করা হয়। ১১ নভেম্বর ওই বালু নিলামে বিক্রি করার কথা ছিল। কিন্তু জব্দকৃত বালুর বেশ কিছু অংশ চুরি হয়ে যাওয়ায় নিলাম বাতিল করা হয়। এমনকি জব্দকৃত বালু বিক্রি ও অবৈধভাবে উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন প্রশাসন। সেখানে হাজীপুর ইউনিয়ন বাসিন্দা সুলতান মিয়া ওরফে পাখির ছেলে সালমান মিয়াকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস। একই অভিযোগে ৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনের নামে মামলা দায়ের করার নির্দেশনাও দেন তিনি।

খোঁজ নিয়ে আরো জানা গেছে, দেওছড়া থেকে হাজীপুর ইউনিয়ন ও কমলগঞ্জের একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র দীর্ঘদিন থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রি করছে। সম্প্রতি সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস অভিযান চালিয়ে উত্তোলিত বালু জব্দ করার পর জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক জব্দকৃত বালু নিলামে বিক্রির জন্য গত ৯ নভেম্বর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ২০ হাজার ঘনফুট বালুর সরকারি মূল্য ৩০ হাজার টাকা ধরা হয়। ওই বালু নিলামে নেয়ার জন্য অংশগ্রহণকারীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ১০ হাজার টাকার পে-অর্ডার জমা দেয়ার কথা বলা হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস সরেজমিন দেওছড়া এলাকায় উপস্থিত হন। ঘটনাস্থলে কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার প্রায় দেড়শ’ লোক পে-অর্ডার নিয়ে হাজির হন। কিন্তু সেখানে উপস্থিত হয়ে জব্দকৃত বালু বেশিরভাগই চুরি হয়ে গেছে দেখতে পেয়ে নিলাম কার্যক্রম বাতিল করেন উপজেলা প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত বালু বিক্রি ও উত্তোলনের সাথে জড়িত থাকার ঘটনায় মামলার আসামীরা হলেন- কমলগঞ্জের রাঙ্গাটিলা গ্রামের মৃত বাতির মিয়ার ছেলে শাহিন মিয়া, গুঞ্জরকান্দি গ্রামের বুলু মিয়ার ছেলে সালমান মিয়া, হাজীপুর ইউনিয়নের বিলের পাড়ের মৃত বাদশা মিয়ার ছেলে সুলতান মিয়া (পাখি), শমসেরনগরের গুঞ্জরকান্দি গ্রামের আব্দুস শহিদের ছেলে লোকমান মিয়া, মৃত আব্দুল মনাফের ছেলে আব্দুল শহিদ, মৃত সফুর মিয়ার ছেলে সাইফুল মিয়া, কুলাউড়ার হাজীপুরের পশ্চিম বিলের পাড়ের হানিফ মিয়ার ছেলে দিলাল মিয়া, মাহমুদ আলীর ছেলে মশাহিদ আলী ও পাবই গ্রামের বাসিন্দা উজ্জলসহ অজ্ঞাতনামা ২০ জন। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে দেওছড়ার বালু অবৈধভাবে উত্তোলন ও বিক্রি করার অভিযোগ রয়েছে।

জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস বলেন, জব্দকৃত বালু চুরি করে নিয়ে যাওয়ার কারণে নিলাম কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তীতে বালু জব্দ করে নিলাম করা হবে। তিনি আরো বলেন, বালু বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে সালমান নামের একজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই অভিযোগে জড়িত ৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করার জন্য হাজীপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।