জামালগঞ্জে গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তিতে স্থানীয় সরকার উপ-পরিচালক কর্তৃক বিশেষ সম্মাননা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন / ০ Views
জামালগঞ্জে গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তিতে স্থানীয় সরকার উপ-পরিচালক কর্তৃক বিশেষ সম্মাননা

তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলায় জামালগঞ্জ উপজেলা গ্রাম আদালত কার্যক্রমে অসামান্য অগ্রগতি ও সাফল্যের স্বাক্ষর রেখেছে। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তিন মাসব্যাপী কার্যক্রমে জেলায় সর্বোচ্চ সংখ্যক মামলা সফলভাবে নিষ্পত্তি করায় জামালগঞ্জ উপজেলাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

গ্রাম আদালত প্রকল্পের জেলার ব্যবস্থাপক আমিনুর রহমানের ব্যবস্থাপনায় সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক অসীম চন্দ্র বণিক (২৫ অক্টোবর) নিজ কার্যালয়ে এক আনুষ্ঠানিক ভাবে এই বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন জামালগঞ্জ উপজেলার গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারি হাফসা রহমানের হাতে।

উপজেলা সমন্বয়কারী বলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিল্পী রাণী মোদক এর দিক নির্দেশনায় এবং সকল হিসাব সহকারী, প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আন্তরিক প্রচেষ্টার ফলে এ সম্মাননা অর্জন করা সম্ভব হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও কম খরচে বিচার সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্রাম আদালত সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। জামালগঞ্জ উপজেলায় এই কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বশীল কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্যানেল সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় উল্লেখযোগ্য সংখ্যক অমীমাংসিত ও নতুন বিরোধ সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে, যা জেলার অন্যান্য উপজেলার জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
সম্মাননা প্রদানকালে উপ পরিচালক স্থানীয় সরকার অসীম চন্দ্র বণিক বলেন, “গ্রাম আদালতের মূল উদ্দেশ্য হলো স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধগুলো সালিশ ও সমঝোতার মাধ্যমে মীমাংসা করা, যাতে সাধারণ মানুষকে আদালতে দীর্ঘসূত্রিতা ও হয়রানির শিকার হতে না হয়। গ্রাম আদালত সংশ্লিষ্ট সকলে যেভাবে আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।”

এই স্বীকৃতি জামালগঞ্জ উপজেলার গ্রাম আদালত কার্যক্রমের সাথে জড়িত সকল কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাজের স্পৃহা আরও বাড়িয়ে দেবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।