হাওরাঞ্চলের সাংবাদিকতায় নানা সংকট, জুলাই-পরবর্তী গণমাধ্যমে দায়িত্বশীলতার আহ্বান’ বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহীন’র
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৬, ৯:৩২ অপরাহ্ন /
০ Views
তৌহিদ চৌধুরী প্রদীপ
সুনামগঞ্জ হাওরাঞ্চলের সাংবাদিকতার নানা সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ এবং জুলাই-পরবর্তী সময়ে গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা নিয়ে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় সুনামগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল এর সঞ্চালনায়
মতবিনিময় সভায় হাওরাঞ্চলের সাংবাদিকদের পেশাগত বিভিন্ন চ্যালেঞ্জ, দুর্গম এলাকায় সংবাদ সংগ্রহের সমস্যা, স্থানীয় সংবাদ জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং জুলাই-পরবর্তী সময়ে গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পরিবেশ, পর্যটন ও উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় পর্যায়ে তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় নানা প্রতিকূলতার মধ্যেও সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন।
সভায় সাংবাদিকরা বলেন, হাওরাঞ্চলে সংবাদ সংগ্রহ করতে একজন সাংবাদিককে অনেক সময় নৌ-যানসহ বিভিন্ন ধরনের অতিরিক্ত ব্যয় বহন করতে হয়। অথচ অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান তাদের প্রতিনিধিদের নিয়মিত বেতন-ভাতা দেয় না। ফলে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের আর্থিক সংকটও মোকাবিলা করতে হচ্ছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে আলোচনা না করে সাইবার নিরাপত্তা আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সাংবাদিক সমাজের মতামত উপেক্ষা করে এ ধরনের আইন প্রণয়ন করা হলে সাংবাদিকরা তা মেনে নেবেন না।
তিনি আরও বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সাংবাদিক-কর্মচারীদের ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীন পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক ও দৈনিক জনতার মফস্বল ইনচার্জ জাহাঙ্গীর খান বাবু বলেন, বৈরী পরিস্থিতি মোকাবিলা করেই হাওরাঞ্চলের সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করছেন। হাওরাঞ্চলে পর্যটনসহ বিভিন্ন খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনা ও সমস্যাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ভারত সীমান্তবর্তী হওয়ায় সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের সাংবাদিকদের সংবাদ সংগ্রহে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। অনেক ক্ষেত্রেই এ অঞ্চলের সাংবাদিকরা অবহেলিত। তাদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, দৈনিক সমাচারের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, দৈনিক সুনামগঞ্জের সময়-এর সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ তালুকদার, দৈনিক বাংলাদেশ বুলেটিনের স্টাফ রিপোর্টার জয়েন তালুকদার, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, কালবেলার জেলা প্রতিনিধি কুদরত পাশা, দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস, সাংবাদিক সালমান ফারসীসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
আপনার মতামত লিখুন :