একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে কমলগঞ্জে বেলা’র ক্যাম্পেইন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ১১:০৮ অপরাহ্ন /
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে কমলগঞ্জে বেলা’র ক্যাম্পেইন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সিলেট অঞ্চলের পরিবেশগত সংকট তুলে ধরে সচেতনতামূলক ক্যাম্পেইন  চালিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেট অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন। বেলা সিলেট অফিসের বিভাগীয় কর্মকর্তা নিরুপম দে এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলা সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আক্তার, প্রভাষক রাবেয়া খাতুন, সাংবাদিক ও পরিবেশ কর্মী নূরুল মোহাইমীন মিল্টন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এসময় অ্যাডভোকেট শাহ সাহেদা আক্তার বলেন, আমাদের ব্যবহৃত অপচনশীল প্লাস্টিকসমুহ খাল-বিল ও নদ-নদীর মাধ্যমে সাগরে গিয়ে জমা হচ্ছে। মাছ এসব প্লাস্টিক খাদ্য ভেবে গিলে খাচ্ছে, যা মানুষের শরীরে প্রবেশ করে নানা রোগব্যাধির কারণ হচ্ছে। তাই শিক্ষার্থীদের মধ্য থেকেই প্লাস্টিক ব্যবহার রোধে ব্যাপক জনসচেতনতা ছড়িয়ে দিতে হবে।