
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে লাঘাটাছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) লিমিটেড এর অংশগ্রহণে দু’দিনব্যাপী কৃষি ব্যবসা ও বিপণন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প ২য় পর্যায়, এলজিইডি, মৌলভীবাজার এর ব্যবস্থাপনায় ২১ ও ২২ এপ্রিল লাঘাটাছড়া পাবসস কার্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ মো. জয়নাল আবেদীন, মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা কৃষি বিপণন কর্মকর্তা মারুফ উদ্দীন চৌধুরী, প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ মো. হাবিবুর রহমান, কমলগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী সাইফুল আজম, সোসিওলজিষ্ট মাহবুবুর রহমান, কৃষি অফিষার মো. আকিব হাসান, ফ্যাসিলিটেটর জচ্ছাইউ মার্মা প্রমুখ।
প্রশিক্ষণে ফ্ল্যাগশিপ প্রকল্পকৃত লাঘাটাছড়া পাবসস লিমিটেড এর সদস্যদের কৃষি ব্যবসা ও বিপণন পরিকল্পনা বিষয়ে বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন। ফ্ল্যাগশিপ প্রকল্পে কৃষি যন্ত্রপাতি প্রদান এবং প্রশিক্ষণের সুবাদে এসব যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে অধিকতর সুফল ভোগ করার প্রক্রিয়া তুলে ধরা হয়। উৎপাদনের পর পরবর্তী কার্যক্রম, গোদাম ঘরের মাধ্যমে কৃষি ব্যবসা ও বিপণন পরিকল্পনা কার্যক্রমে কৃষকরা যাতে দ্রুত উপকৃত হতে পারেন এবং এলাকায় কৃষি উৎপাদনে অধিকতর মনোনিবেশন করতে পারেন সেসব বিষয়ে সচিত্র ব্যাখ্যা প্রদান করা হয়।
প্রশিক্ষণে লাঘাটাছড়া পাবসস লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটি, হিসাব রক্ষক, গুদাম রক্ষক, কৃষি ব্যবসা ও বিপণন উপকমিটি, কৃষি উপকমিটি এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ উপকমিটির ও উপপ্রকল্প এলাকার নির্বাচিত পাবসস সদস্য বা কৃষকবৃন্দসহ ৩০ জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :