
হাবিবুর রহমান হাবিব,শাল্লা(সুনামগঞ্জ)থেকে:
সুনামগঞ্জের শাল্লায় ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়’ প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে একটি র্যালি বের করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফিল্ড সুপারভাইজার কালিপদ দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরে আলম সিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান, এসআই জাহাঙ্গীর আলম ও উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক শান্ত মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন জরুরি। সমাজসেবা অধিদপ্তর অসহায় মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে।
সভা শেষে অসহায় ও দুস্থদের মাঝে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া প্রতিবন্ধী ও বয়স্কদের সেবাপ্রাপ্তি সহজতর করতে তাদের হাতে ‘গোল্ডেন কার্ড’ তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :