নানাবাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল দুই বোনের


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২২, ১২:৩১ পূর্বাহ্ন /
নানাবাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল দুই বোনের

ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মরজাতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের কান্দি গ্রামের আজির উদ্দিনের কন্যা শিশু তানজিনা আক্তার (৬) ও একই ইউনিয়নের গোস গ্রামের আলিম উদ্দিনের কন্যা শিশু তাবাসসুম আক্তার (৫)। তারা সম্পর্কে খালাতো বোন।

উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল জানান, গতকাল বৃহস্পতিবার ডৌবাড়ী ইউনিয়নের কান্দি তানজিনা ও তাবাসসুম পরিবারের সঙ্গে মরজাতপুর গ্রামে নানা আহমদ আলীর বাড়ি বেড়াতে আসে। আজ শুক্রবার (২৫ মার্চ) প্রতিবেশীর বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। দুপুরের দিকে তানজিনা ও তাবাসসুম হাতে মেহেদি লাগিয়েছিল। ধারণা করা হচ্ছে, বিকাল সাড়ে ৩টার দিকে হাতের মেহদি ধুতে তারা বাড়ির নিকটবর্তী পুকুরে যায়। এসময় অসাবধানতাবশত পানিতে ডুবে মৃত্যু হয় তাদের।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম নজরুল ইসলাম। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তারা মরদেহ দুটি উদ্ধার করে নিয়ে এসেছেন।