বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া নজিরবিহীন ঘটনা- কুলাউড়ায়


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২১, ১২:৪৫ পূর্বাহ্ন /
বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া নজিরবিহীন ঘটনা- কুলাউড়ায়

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন- শেখ হাসিনার সরকার শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া বিশ্বের উন্নত দেশের পক্ষেও সম্ভব হচ্ছে না।

কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিচ্ছে। যা নজিরবিহীন ঘটনা। বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় কুলাউড়ার কর্মধায় বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলীম মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবন উদ্বোধন এবং কর্মধা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শফিউল আলম নাদেল আরো বলেন, এ মাদরাসার সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে তিনি একযোগে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল নিজাম চৌধুরী মাশহুদ মাজেদ। মাদরাসার সহকারী শিক্ষক হাবিবুর রহমান ও ম্যানেজিং কমিটির সদস্য আজাদ মিয়ার যৌথ পরিচালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কর্মধা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, মাদরাসার সুপার মুফতি মাও. আহসান উদ্দিন, ইউপি সদস্য হেলাল আহমদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকদ্দছ আলী প্রমুখ।