শাল্লায় বর্ষার পানিতে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে ২ কিশোরের মর্মান্তিক মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৬, ৮:১৭ অপরাহ্ন / ০ Views
শাল্লায় বর্ষার পানিতে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে ২ কিশোরের মর্মান্তিক মৃত্যু

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বর্ষার পানিতে গোসল করতে নেমে পল্লী বিদ্যুতের খুঁটির তারে স্পৃষ্ট হয়ে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার ৪ নং শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও (শান্তিনগর) গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। ​নিহতরা হলো—কান্দিগাঁও গ্রামের শাকিল মিয়া (১৫) ও জিল্লু মিয়া (১৪)।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে ওই দুই কিশোর বাড়ির পাশে বর্ষার জমে থাকা পানিতে গোসল করতে নামে। সাঁতার কাটার একপর্যায়ে তারা অসাবধানতাবশত পানিতে নিমজ্জিত পল্লী বিদ্যুতের খুঁটির সাপোর্ট (স্টেই) তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তের মধ্যেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ওমর ফারুক তাদের মৃত ঘোষণা করেন।

​এ ঘটনায় শাল্লা উপজেলার আনন্দপুর বিদ্যুৎ কেন্দ্রের (পল্লী বিদ্যুৎ) কর্মকর্তা সজল চন্দ্র দেব জানান, “সংবাদ পেয়েই আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। সরেজমিনে পরিদর্শন শেষে বিস্তারিত বলা যাবে।”

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। বিষয়টি জানার পরপরই আমি পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।”

​দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং বিদ্যুৎ লাইনে কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা অনুসন্ধানে পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত শুরু করেছে।