
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে যাত্রীবেশে টমটম ও মোবাইল ফোন ছিনতাইকারী দুইজনকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত (১৬ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার শরীফখানী এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে টমটম চালক মুরছালিন মিয়া (১৫) কে পিছন থেকে ঝাপটে ধরে দুই যাত্রীবেশী ছিনতাইকারী। পরে তাকে বেঁধে মারধর করে টমটম এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা। মুরছালিন উপজেলার জাতুকর্ণপাড়ার আব্দুল কাইয়ুমের পুত্র।
এই ঘটনায় মুরছালিনের পিতা ওইদিনই রাতে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পরে রাতেই অভিযান চালিয়ে দুই দুর্বৃত্তকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শরীফখানীর আঃ রউফের পুত্র তোফায়েল মিয়া (২৮) এবং একই এলাকার মঈন উদ্দিন মিয়ার পুত্র কাচা মিয়া (২২)।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেনের দিকনির্দেশনায় গ্রেফতার অভিযানে অংশ নেন অভিযোগের তদন্তকারী কর্মরর্তা এসআই সঞ্জয় সিকদার, এএসআই মোঃ তোহা, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ একদল পুলিশ। পরে তাদের কাছ থেকে টমটম এবং মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং আসামীদের আদালতে প্রেরণ করা হয়।
আসামীদের বিরুদ্ধে বানিয়াচং থানাসহ বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রুজু আছে বলে জানিয়েছেন পুলিশ।
আপনার মতামত লিখুন :