উন্নয়ন কাজে কোনো অনিয়ম, দুর্নীতি বরদাস্থ করা হবে না- জি কে গউছ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ন /
উন্নয়ন কাজে কোনো অনিয়ম,  দুর্নীতি বরদাস্থ করা হবে না- জি কে গউছ
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে
জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। একই সঙ্গে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
বুধবার(২২ জুলাই)  দিনব্যাপী এই পরিদর্শনকালে তিনি চলমান উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চাহিদার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি নির্বাচিত হওয়ার পর শায়েস্তাগঞ্জ ইউনিয়নে প্রায় ৬০ লাখ টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের তথ্য স্থানীয়দের সামনে তুলে ধরেন। পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য প্রায় ৫০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের প্রস্তাব ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান।
হুইপ জি কে গউছ বলেন, নির্বাচনের আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। অল্প কিছুদিনের মধ্যেই শায়েস্তাগঞ্জে এ কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে পরিবারের মায়েরা এবং স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডের সুফল যাতে জনগণ সঠিকভাবে পায়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। যে দলেরই ঠিকাদার হোক না কেন, উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্থ করা হবে না। রাষ্ট্রের অর্থ অপচয় বা আত্মসাতের চেষ্টা যারা করবে, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না।
এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী, সাবেক মেয়র এফএম আহমেদ অলি, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সাধারণ সম্পাদক আবু তাহেরসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।