কুলাউড়ায় বাংলাদেশ জাসদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন /
কুলাউড়ায় বাংলাদেশ জাসদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুলাউড়া প্রতিনিধি 
আমেরিকার সাথে সম্পাদিত বাণিজ্যচুক্তি বাতিল ও আমেরিকা-ইসরাইল কর্তৃক ইরান ফিলিস্তিনের উপর নগ্ন হামলা ও দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিকাল ৫টায় কুলাউড়া চৌমুহনী চত্বরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সিপিবি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে ও যুব ইউনিয়ন নেতা ফেরদৌস খানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, সিপিবি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি কমরেড আব্দুল লতিফ, বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির নেতা সৈয়দ মোশারফ আলী, বাংলাদেশ জাসদ কুলাউড়া পৌর শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ন, কুলাউড়া উপজেলা যুব ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা পাবেল প্রমুখ। উপস্থিত ছিলেন সিপিবি কুলাউড়া উপজেলা কমিটির নেতা আব্দুল বাছিত মজুমদার, নির্মাল্য মিত্র সুমন, বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আজাদ মিয়া মেম্বার, সহ সভাপতি মো. সোহাগ মিয়া, চা শ্রমিক জোটের সভাপতি জ্ঞান শংকর গৌড়, কুলাউড়া পৌর শাখার যুগ্ম সম্পাদক রাসেল আহমদ, কুলাউড়া উপজেলা শাখার দপ্তর সম্পাদক সামছুল আহমদ টারজান, সদস্য আব্দুল লতিফ কালা, সিপিবি নেতা কৃপাময় শীল, বাসদ মার্কসবাদী কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক প্রশান্ত দেব ছানা, সিপিবি নেতা উজ্জ্বল মজুমদার প্রমুখ।  এ সময় বক্তারা বলেন, বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসন, যুদ্ধ ও দখলদারিত্ব মানবতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করছে। তারা অবিলম্বে সকল আগ্রাসন ও যুদ্ধ বন্ধের দাবি জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থবিরোধী সকল অসম চুক্তি বাতিল করতে হবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেন। এছাড়াও তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির নিন্দা জানিয়ে বক্তারা তা প্রত্যহার করার দাবী জানান।
সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং সাম্রাজ্যবাদবিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সভা শেষে বাণিজ্যচুক্তি বাতিল এবং ইরান-ফিলিস্তিন সহ বিভিন্ন দেশের উপর মার্কিন আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল কুলাউড়া স্টেশন রোড প্রদক্ষিণ করে কুলাউড়া দক্ষিণ বাজার বাসস্ট্যান্ডে এসে সমাপ্ত হয়।#