
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে
হবিগঞ্জেের বানিয়াচং উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে নিজ দলের সতীর্থের হাতে প্রাণ হারিয়েছেন ইব্রাহিম মিয়া (১৯) নামে এক তরুণ। শুক্রবার (১৭ এপ্রিল)বিকেলে উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের কুর্শা গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত ইব্রাহিম ওই গ্রামের লিটন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে খাগাউড়া গ্রামের মাঠে স্থানীয় যুবকদের মধ্যে একটি ফুটবল ম্যাচ চলছিল। খেলায় ইব্রাহিম, শুভ ও শান্ত একই দলের হয়ে খেলছিলেন। খেলা চলাকালীন একটি কর্ণার কিক নেওয়াকে কেন্দ্র করে শুভ ও ইব্রাহিমের মধ্যে বাগবিতণ্ডা হয়। ইব্রাহিম শর্ট দিলেও গোল না হওয়ায় ক্ষুব্ধ হয় শুভ। মাঠেই তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হলে এক পর্যায়ে শুভ ও শান্ত মাঠ ছেড়ে বাড়িতে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা শেষ করে ইব্রাহিম বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা শুভ ও শান্ত তার গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহিমকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ইব্রাহিমের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফ আহমেদ একদল পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খেলার মাঠের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ঘাতকদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :