
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে অনন্ত নামে এক পান চাষীর সহস্রাধিক পান গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতের কোন এক সময় উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে এ ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় জুমের মালিক অনন্ত দেব রবিবার রাতে কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অনন্ত দেব জানান, দীর্ঘ খরা মৌসুমে জুমে পানি দিয়েছি। এতে করে পান গাছ বেশ সতেজ হয়েছিল। নতুন, পুরাতন গাছে কুঁড়ি এসেছে। প্রায় মাসখানেক পর পান উঠাতে পারতাম। কিন্তু দুর্বৃত্তরা এর আগেই সব তছনছ করে দিয়েছে। প্রায় ১ হাজারের বেশি পান গাছ কেটে দিয়েছে। রবিবার সকালে জুমে গিয়ে দেখতে পাই সকল পান গাছের মধ্যখানে কাটা। পান চাষ আমার একমাত্র জীবিকা নির্বাহের মাধ্যম ছিলো।
তিনি বলেন, কে বা কারা কেটেছে তা আমি জানি না। কারো সাথে আমার কোন শত্রুতা নেই। আমি এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবো না। এখন সবগুলো গাছের গোড়া উপড়ে নতুন চারা রোপণ করতে হবে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

পুঞ্জির সহকারী হেডম্যান জামাল মারলিয়া জানান, পান গাছগুলো কাটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। দুর্বৃত্তরা প্রায়ই খাসিয়াদের পান গাছ কেটে ফেলে। শনিবার গভীর রাতে ইছাছড়া জুমে দুর্বৃত্তরা যে ঘটনা ঘটিয়েছে আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার প্রার্থনা করছি।
মৌলভীবাজার জেলা আদিবাসী ফোরামের সভাপতি ফ্লোরা বাবলী তালাং জানান, খাসিয়াদের আয়ের একমাত্র উৎস পান। এই পানের উপরই আমাদের জীবন জীবিকা নির্ভর। পাশাপাশি অনেক বস্তিবাসী লোকের কর্মসংস্থানেরও সুযোগ হয়। কিন্তু দুর্বৃত্তরা সুযোগ পেলেই জুমের পানগাছ কেটে দেয়। তিনি আরও বলেন, এটা নতুন কোন ঘটনা নয়। অতীতেও এরকম ঘটেছে। বারবার এ ধরনের ঘটনায় পুঞ্জিবাসী অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ও একমাত্র তাদের জীবন জীবিকার নিরাপত্তা নিয়ে আতঙ্কিত রয়েছেন। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার চেয়েছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, জুমের পানগাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :