রাজনগরের ফতেহপুর ইউপি: নির্বাচন করা হলো না তাঁর, চলে গেলেন পরপারে


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২১, ১:১৭ পূর্বাহ্ন /
রাজনগরের ফতেহপুর ইউপি:  নির্বাচন করা হলো না তাঁর,  চলে গেলেন পরপারে

ডেস্ক রিপোর্টঃ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এক সাধারণ সদস্য পদপ্রার্থীর মৃত্যু হয়েছে। তিনি ফতেপুর ইউনিয়নের চড়কারপাড় গ্রামের মুক্তিযোদ্ধা রফিক মিয়ার ছেলে হারুনুর রশিদ। তিনি আপেল প্রতীক নিয়ে এবারের ইউপি নির্বাচন করতে মাঠে নেমেছিলেন । কিন্তু বিধি বাম নির্বাচনের আগেই তিনি চলে গেলেন পরপারে।

সোমবার রাত সাড়ে ১২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তবে এই ওয়ার্ডে তিনি ছাড়া আরো একাধিক প্রার্থী থাকায় ভোট গ্রহণ স্থগিত হচ্ছে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ।

পারিবারিক সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে হারুনুর রশিদ হারুন (৪৯) খাবার খাওয়ার সময় বুকে ব্যাথা অনুভব করেন। পরে পরিবারের সদস্যরা তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১২ টার দিকে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, তার মৃত্যুর সংবাদ দুঃখজনক। ওই ওয়ার্ডে তিনি ছাড়াও আরো একাধিক প্রার্থী আছেন। তাই এ আসনে নির্বাচন স্থগিত হচ্ছে না।