মৌলভীবাজার-১ আসনে ধানের শীষের ঝড় — বিজয়ী মিঠু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন / ০ Views
মৌলভীবাজার-১ আসনে ধানের শীষের ঝড় — বিজয়ী মিঠু

মনসুর আহমদ (বড়লেখা) মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু।

১১৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৯৭ হাজার ৫৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম পেয়েছেন ৭৯ হাজার ৬১৯ ভোট।

দুই প্রার্থীর মধ্যে উল্লেখযোগ্য ভোটের ব্যবধান মিঠুর বিজয়কে নিশ্চিত করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফল ঘোষণার পর বড়লেখা ও জুড়ী এলাকায় তার সমর্থকদের মধ্যে আনন্দের পরিবেশ দেখা গেছে।

মৌলভীবাজার-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৮১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৮১৬ জন।

দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর এলাকায় সমর্থকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।