
খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে পৃথক দুটি দুর্ঘটনায় এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জেলার বোদা উপজেলার মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী কালিবাড়ি এলাকায় ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়। একই সময়ে পঞ্চগড় সদর উপজেলার চারমাইল বোদাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান এক কাঠমিস্ত্রি। নিহত নারী জুলেখা বেগম (৫৫) বোদা সদর ইউনিয়নের মাহানপাড়ার আব্দুর কুদ্দুসের স্ত্রী।
অপরদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া জাহাঙ্গীর আলম (৪০) পঞ্চগড় সদর উপজেলার চার মাইল বোদাপাড়া এলাকার জুলহাস মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে বোয়ালমারি এলাকায় যাচ্ছিলেন জুলেখা বেগম।
পথে মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী কালিবাড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে যান।
এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান।
অন্যদিকে পঞ্চগড় সদর উপজেলার চারমাইল বোদাপাড়া এলাকায় নিজ বাড়িতে কাঠমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন জাহাঙ্গীর আলম। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুতপা বনিক জানান, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে জাহাঙ্গীর আলমকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।
এ ঘটনায় পঞ্চগড় সদর থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশীষ কুমার শীল জানিয়েছেন থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়।
আপনার মতামত লিখুন :