কুলাউড়ায় চুরির অভিযোগ এনে দুই যুবককে নির্যাতন করায় বিএনপির নেতা বহিষ্কার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৬, ৭:১৩ অপরাহ্ন /
কুলাউড়ায় চুরির অভিযোগ এনে দুই যুবককে নির্যাতন করায় বিএনপির নেতা বহিষ্কার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক এবং ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মো. আলমাছ মিয়াকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত প্যাডে তাকে এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়।

​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্রের ধারা ৫ (গ) অনুযায়ী মো. আলমাছ মিয়ার প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে তাকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হয়েছে. এছাড়া, দলের সব স্তরের নেতাকর্মীদের বহিষ্কৃত ওই ব্যক্তির সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি অটোরিকশা চুরির অভিযোগে দুই যুবককে আটক করে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৪ মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে আলমাছ মিয়াসহ আরেক অজ্ঞাতনামা ব্যক্তি দুই যুবককে বেল্ট দিয়ে মারধর করছেন। ওই দুই যুবক পায়ে ধরেও রেহাই পাচ্ছিলেন না। এ সময় তাঁদের কাছ থেকে অটোরিকশা চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করতে দেখা যায়।

এদিকে কুলাউড়া পৌরসভার প্রধান সড়কের দুই পাশে বিভিন্ন স্থানে অস্থায়ী অটোরিকশার স্ট্যান্ড গড়ে উঠেছে। গত ১৯ আগস্ট কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরে অভিযান চালান। এ সময় যত্রতত্র অটোরিকশা দাঁড় করিয়ে রাখার দায়ে এক চালককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। অটোরিকশার স্ট্যান্ডের এক ব্যবস্থাপক ও তিন চালককে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দিন এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকনেতা আলমাছ মিয়ার নেতৃত্বে অটোরিকশাচালকেরা সড়কে এলোমেলোভাবে গাড়ি রেখে অবরোধ সৃষ্টি করেন। এ সময় তাঁরা সহকারী কমিশনারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে বিএনপির উপজেলা কমিটির নেতারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এর প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।

জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ইমরান ও সাধারণ সম্পাদক মো. মোহিতুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিস্কারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।