
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
গত ১৭ দিন থেকে ডানকান ব্রাদার্সের পরিচালনাধীন ১৫ টি চা-বাগানের লক্ষাধিক চা-জনগোষ্টির জনসাধারণ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত থাকায় অবিলম্বে ক্যামেলিয়া হাসপাতাল চালু করে চা-শ্রমিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছে চা-শ্রমিক সংঘ। গত রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরস্থ চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভা থেকে এই দাবি জানানো হয়।
সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি শ্যামল অলমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুত্বে সদ্য প্রয়াত চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি প্রবীণ চা-শ্রমিকনেতা রাজদেও কৈরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা। এছাড়াও সভায় বক্তব্য রাখেন চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা, সাংগঠনিক সম্পাদক লক্ষèীমন বাক্তি, দপ্তর সম্পাদক রামনারায়ন গৌড়, সবুজ বাউরী, প্রবীণ চা-শ্রমিকনেতা স্যামুয়েল বেগম্যান, সুনীল শব্দকর, শেফালী র্যালী, অনিতা শব্দকর প্রমূখ।
সভায় বক্তারা বলেন দেশের চা-উৎপাদনকারী শীর্ষ কোম্পানি ডানকান ব্রাদাসের পরিচালনাধীন ১৫ টি চা-বাগানের শ্রমিক-কর্মচারী ও তার পরিবারের প্রায় লক্ষাধিক জনগণের চিকিৎসার জন্য যে ন্যূনতম সুযোগ ছিল তাও গত ১৭ দিন যাবত বন্ধ রয়েছে। গত ২৭ মার্চ একজন চা-শ্রমিক সন্তানের অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে ঐদিন থেকে ‘ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল’-এর চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়। গত ২৬ মার্চ রাতে শমশেরনগর চা-বাগানের বাবুল বরিদাসের ৭ম শ্রেণিতে পড়–য়া ১৩ বছরের স্কুল ছাত্রী ঐশী রবিদাস মাথা ব্যাথ্যা নিয়ে ক্যামেলিয়া হাসপাতালে ভর্তি হয়। পরদিন সকালে ঐশী রবিদাসের মৃত্যু হয়। এই ঘটনায় বিক্ষুদ্ধ শ্রমিকরা হাসপাতালের ডাক্তারসহ স্টাফদের অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তার অজুহাতে চা-শ্রমিকদের জিম্মি করে চিকিৎসা সেবা বন্ধ করে দেন। গত ১৭ দিনে চিকিৎসার অভাবে ৫ জন চা-শ্রমিকের মৃত্যুর সংবাদও পাওয়া গেছে। বক্তারা অনতিবিলম্বে হাসপাতাল চালুর দাবি জানান।
সভায় ‘ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল’ চালুর দাবিতে মৌলভীবাজার জেলা প্রশাসক ও সিভিল সার্জন, কমলগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়ও আগামী ২৬ এপ্রিল প্রয়াত শ্রমিকনেতা রাজদেও কৈরী শোকসভা এবং মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আপনার মতামত লিখুন :