বন্ধুর বিয়েতে অকটেন উপহার!


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৬, ১০:২৪ অপরাহ্ন /
বন্ধুর বিয়েতে অকটেন উপহার!

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় জ্বালানি তেলের সংকটের মধ্যে ব্যতিক্রমী এক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিয়েতে প্রচলিত উপহারের ধারা ভেঙে অকটেন উপহার দিয়ে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন এক যুবক। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলী গ্রামে প্রবাসী আতিকুর রহমান লিটনের বিয়ের অনুষ্ঠানে এই ভিন্নধর্মী উপহার দেন তার বন্ধু মাসুম আহমদ।

মাসুম বলেন, সম্প্রতি জ্বালানি তেল সরবরাহে ঘাটতির কারণে সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই বাস্তবতাকে মাথায় রেখেই বন্ধুর জন্য ব্যবহারিক ও প্রয়োজনীয় কিছু দেওয়ার চিন্তা করি। এ কারণে অকটেন উপহার দিয়েছি।

এদিকে বিয়ের অনুষ্ঠানে এমন ব্যতিক্রমী উপহার দেখে উপস্থিত অনেকেই অবাক হন। বিষয়টি নিয়ে হাস্যরসের পাশাপাশি অনেকে প্রশংসাও করেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে সময়োপযোগী ও সৃজনশীল উদ্যোগ হিসেবে দেখছেন।