কুলাউড়ায় মাটির দেয়াল চাপায় যুবক নিহত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৬, ১০:২২ অপরাহ্ন /
কুলাউড়ায় মাটির দেয়াল চাপায় যুবক নিহত

কুলাউড়া প্রতিনিধি

কুলাউড়ায় মাটির দেয়াল ধসে সেলিম মিয়া (৩৫) নামে
এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে। মঙ্গলবার সকালে সেলিমের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সেলিম পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন। কিডনী এবং লিভার জটিলতায় তিনি মিস্ত্রি পেশায় কাজ করতে পারছিলেন না। পরে রবিরবাজার সুপার ড্রাগস্ ফার্মেসীর সামনে স্বল্প পুঁজিতে বিভিন্ন প্রকার ফল ফসল ও তরকারি গ্রাম থেকে এনে বিক্রি করে কোনোমতে তার চিকিৎসা ও সংসার চালাতেন। মঙ্গলবার সেলিম নিজের পুরাতন মাটির ঘর ভাঙার কাজ করছিলেন। এ সময় হঠাৎ দেয়ালের উপরের দিক ধসে তার উপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলা হাসপাতালে এবং পরবর্তীতে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে নিহতের মা ও বোন পবিত্র ওমরা পালনে সৌদি আরবে অবস্থান করছেন বলে জানা গেছে। বুধবার অথবা বৃহস্পতিবার
তারা দেশে ফেরার কথা। দেশে ফিরলেই সেলিমের জানাজা অনুষ্ঠিত হবে বলে স্বজনরা জানিয়েছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেন।