হবিগঞ্জে খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন /
হবিগঞ্জে খোয়াই   নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে  ॥

হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া এলাকায় খোয়াই নদীতে গোসল করতে নেমে রায়হান আহমেদ (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সে শহরতলীর ধুলিয়াখাল এলাকার বাসিন্দা।  শনিবার (৪ এপ্রিল) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে খোয়াই নদীতে গোসল করতে নামে রায়হান। এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে পড়ে হঠাৎ তলিয়ে যায় সে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পরপরই আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোর রায়হানের কোনো সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে অভিভাবকরা তাদের সন্তানদের নদীতে নামতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।