
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে রূপান্তরের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১লা এপ্রিল) সকাল ১১টায় পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রের সম্মুখে বাংলাদেশ জাসদ পৃথিমপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফুরের সভাপতিত্বে এবং জাসদ নেতা আলী আশরাফ খান বাবুর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, জাসদ নেতা সৈয়দ আব্দুল মুনিম রুহেল, সমাজ সেবক রুকন আহমদ, সিপিবি নেতা ফয়জুল হক, নারীনেত্রী মনি বেগম ও বিউটি আক্তার প্রমুখ।
বক্তারা অবিলম্বে রবিরবাজার উপস্বাস্থ্য কেন্দ্রের এমবিবিএস ডাক্তারসহ শূন্য পদ সমূহে লোক নিয়োগ এবং বর্তমান দায়িত্বরত অফিসারকে দায়িত্বে অবহেলার কারণে অপসারণ, বিভিন্ন প্যাথলজিক্যাল সুবিধাসমূহ চালু, হাসপাতালের জায়গা চিহ্নিত করে সীমানা দেয়াল নির্মাণ, হাসপাতালের আশেপাশের ময়লা পরিস্কার করার দাবী জানান।
এছাড়াও রবিরবাজার এলাকার গুরুত্ব বিবেচনা করে আশেপাশের ৬টি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষের স্বাস্থ্য সেবার জন্য এই উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতালে রুপান্তরের জোর দাবী জানানো হয়। বক্তারা এই দাবীতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষনা দেন। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও নারী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :