
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মধ্য ফটিগুলি গ্রামে ক্ষেতের জমির পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জানান, পহেলা এপ্রিল বুধবার সকালে হঠাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি হলে ক্ষেতের জমি পানিতে টুইটুম্বর হয়ে যায়। দুপুর দেড়টার দিকে কর্মধা ইউনিয়নের মধ্য ফটিগুলি গ্রামের শিপার আহমদের মাদ্রাসা পড়ুয়া ছাত্র জিসান আহমেদ (১২), আশিক আলীর মাদ্রাসা পড়ুয়া ছাত্র ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর স্কুল পড়ুয়া ছাত্র লাবিব আহমেদ (৭) বাড়ির পাশে কৃষি জমির পানিতে খেলতে নামেন। এসময় খেলতে খেলতে সদ্য মাটি কেটে নিচু করা একটি জমিতে তারা নেমে পড়লে তিন শিশু শিক্ষার্থী পানিতে ডুবে যায়। এক পথচারী ঘটানাটি দেখতে পেয়ে চিৎকার করায় শিশুদের উদ্ধার করে স্থানীয় রবির বাজারে ডাঃ মনিরুল ইসলাম সোহাগের চেম্বারে নিয়ে আসলে তাদেরকে মৃত ঘোষণা করা হয়। পরে শিশুর স্বজনরা তাদেরকে বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করে থানায় আনা হবে।
তিনি আরও জানান, ঘটনাটি যেহেতু হৃদয়বিদারক যদি শিশুদের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকে এবং তারা যদি জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিতে পারে তাহলে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :