ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে – এমপি সৈয়দ ফয়সাল


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৬, ১:২৫ অপরাহ্ন /
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে  – এমপি সৈয়দ ফয়সাল

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হলে মাধ্যমিক পর্যায় থেকেই মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে। বিশেষ করে কারিগরি শিক্ষার প্রতি অধিক গুরুত্বারোপ এবং বিজ্ঞানচর্চা জোরদারের ওপর তিনি গুরুত্ব দেন।

মঙ্গলবার (৩ মার্চ)সকালে নোয়াপাড়ায় মাধবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক শিক্ষা ব্যবস্থার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংসদ সদস্য বলেন, “বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের ছেলেমেয়েদের আধুনিক ও দক্ষ করে গড়ে তুলতে হবে। শুধু পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা নয়, বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষার প্রসার ঘটাতে হবে। বিশেষ করে কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে তুলতে হবে।” তিনি আরও বলেন, বিজ্ঞানচর্চা বর্তমানে তুলনামূলকভাবে কমে গেছে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমাদের বিপুল জনসংখ্যা যেন বোঝা না হয়ে জনসম্পদে পরিণত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদই দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি।” একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে পড়াশোনা থেকে ঝরে না যায়। এ ক্ষেত্রে সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগও গুরুত্বপূর্ণ।

শিক্ষকদের উদ্দেশ্যে এমপি ফয়সল বলেন, “আপনারা একটি মহান পেশার সঙ্গে যুক্ত। জাতি গঠনের দায়িত্ব আপনাদের কাঁধে। তাই নিজেদের আরও দক্ষ ও প্রস্তুত করে তুলতে হবে। আমরা সরকারিভাবে এবং ব্যক্তিগতভাবে আপনাদের পাশে থাকব।” তিনি শিক্ষকদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, মাধবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম সাইফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক এ.কে.এম কামাল উদ্দিন, অর্থ সম্পাদক খলিলুর রহমান, সহ-অর্থ সম্পাদক নুরুল আমিন, প্রচার সম্পাদক রায়হান আহমেদ সম্রাট, সমাজকল্যাণ সম্পাদক ইমদাদুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।।