একই উপজেলা থেকে নির্বাচিত ২ জন বিএনপির সংসদ সদস্য; এলাকায় আনন্দের বন্যা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৪:১৯ অপরাহ্ন /
একই উপজেলা থেকে নির্বাচিত ২ জন বিএনপির সংসদ সদস্য; এলাকায় আনন্দের বন্যা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে দেখা গেছে, সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ আসনেই জয়লাভ করেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দুই কৃতী সন্তান। তারা দুজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে প্রথমবারের মতো ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তারা হলেন-কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার খুশালপুর গ্রামের বাসিন্দা মৌলভীবাজার-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) ও একই উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বাসিন্দা সিলেট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। একই উপজেলার বাসিন্দা পৃথক দুটি সংসদীয় আসন থেকে দুই হেভিওয়েট প্রার্থী নির্বাচিত হওয়ায় কমলগঞ্জ উপজেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। বিএনপির ত্যাগী এ দুজনই মন্ত্রীসভায় স্থান পেতে পারেন রাজনৈতিক সচেতন মহলের ধারণা।
গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকে কমলগঞ্জ উপজেলা জুড়ে বইছে আনন্দের বন্যা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সচরাচর এমন দৃশ্য দেখা যায় না। নির্বাচিত দুজন হলেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) মৌলভীবাজার-৪ এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একই উপজেলার কৃতি সন্তান দু’জনের এই বিজয়ে পুরো কমলগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এ আসনে তিনি মোট ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট। এ ছাড়া এই আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া ৩৪ হাজার ১৪৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

অপরদিকে সিলেট-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীও বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এ আসনে তিনি মোট ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৭৭৬ ভোট।