
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার সাড়ে ৪ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। লাইন স্বাভাবিক হওয়ার পর রাত ৮টা ৫৭ মিনিটে শ্রীমঙ্গল স্টেশন থেকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের পেছনের একটি বগি লাউয়াছড়া বনের পাহাড়ি আঁকাবাঁকা পথে চলার সময় হঠাৎ রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে সিলেটের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ফলে সাড়ে ৪ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
এব্যাপারে শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার রজত রায় বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আপনার মতামত লিখুন :