শাল্লায় সরকারিভাবে ধান সংগ্রহ শুরু: ধান ক্রয়ে মান নিয়ন্ত্রণের নির্দেশ ইউএনও’র
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ১১:২২ অপরাহ্ন /
০
হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকে:
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার ২১২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা।
রোববার (৩ মে) শাল্লা উপজেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও পিয়াস চন্দ্র দাস বলেন, “শাল্লা একটি হাওরবেষ্টিত এলাকা। এবারের প্রাকৃতিক দুর্যোগে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখানকার সহজ-সরল মানুষগুলো যাতে ধানের ন্যায্য মূল্য পায় এবং কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেদিকে সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে।” সেই সাথে ধানের গুণগত মান বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রদান করেন।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই ধান সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। উদ্বোধনী দিনে উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন সরকার ছানার ৪০ মণ ধান ক্রয়ের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, ওসি এলএসডি বকুল কুমার বৈদ্য ও উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আপনার মতামত লিখুন :