
সিলেট প্রতিনিধিঃ
দেশের উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিত কর্মকর্তাদের বারবার বদলির কারণে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলে মন্তুব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন ও ডুয়েল গেজ রেল যোগাযোগ উন্নতকরণ প্রসঙ্গে ২৩ এপ্রিল শনিবার সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে এ দুটি প্রকল্পের উন্নয়ন কাজ শুরু না হলে আরও দুর্ঘটনা বাড়বে এবং উন্নয়ন ব্যয় বাড়বে।
এর আগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০২০-২১ সালে নতুন যোগদানকৃত নার্সিং কর্মকর্তাদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় মন্ত্রী বলেন, সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহে সংক্রামক ব্যাধি হাসপাতাল ভেঙে বিশাল জায়গা নিয়ে ওসমানী হাসপাতালের দ্বিতীয় ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেই জায়গা দখল করে নিতে চাচ্ছে একটি ভূমিখেকো চক্র। সেই চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট আওয়ামীলীগ নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা দিয়েছেন বলে জানান ড. মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওসমানী হাসপাতালে নয়নাভিরাম একটি বাগান দরকার। উন্নত দেশগুলোতে দেখেছি- হাসপাতালের সামনে দৃষ্টিনন্দন বাগান ও গাছ-গাছালি রয়েছে। সেগুলো দেখে এবং বাগানে বসে অনেক রোগী মানসিক প্রশান্তি পায় এবং শরীর-মন অনেকটা সুস্থ হয়ে উঠে। আমাদের ওসমানী হাসপাতালেও এরকম বাগান তৈরির উদ্যোগ নেওয়া হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ৫ হাজার মানুষের জন্য মাত্র একজন নার্স। দুই হাজার মানুষের জন্য একজন ডাক্তার! যা অত্যন্ত অপ্রতুল। মানুষের প্রয়োজনীয় চিকিৎসায় ডাক্তার ও নার্স আরও বাড়াতে হবে। বহির্বিশ্বে নার্সদের প্রচুর চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি নার্সদের কমিউনিকেশন স্কিল বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী। বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার আয়োজনে বরণ অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ময়নুল হক ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া।
আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায়, সিলেট মহানগ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আজিজুর রহমান রোমান এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. সাইফুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :