স্ত্রী’র স্বীকৃতির দাবীতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২১, ১:০২ পূর্বাহ্ন /
স্ত্রী’র স্বীকৃতির দাবীতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন

সিলেট প্রতিনিধিঃ

সিলেটে স্ত্রী’র স্বীকৃতির দাবীতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক যুবতী। গত দুইদিন থেকে নগরীর কালীবাড়ির বাসিন্দা মিছবাহুজ্জামান রুহিনকে স্বামী দাবীতে তার বাড়ির সামনে ওই যুবতী অনশন করছেন।

মোছা. রেহেনা আক্তার (৩৬) নামের ওই যুবতী চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার শিদনা গ্রামের মো. নুরুল ইসলামের মেয়ে। আর রুহিন সিলেট নগরীর কালীবাড়ি এলাকার মো. আবু হানিফের ছেলে।

অনশনরত রেহেনা জানান, ফেসবুকের মাধ্যমে রুহিনের সঙ্গে পরিচয় হয়। এই সূত্র ধরেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৮ মাস আগে কোর্টের মাধ্যমে তারা দু’জন বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরে রুহিন তাকে নারায়ণগঞ্জে একটি বাসায় রেখে সিলেট থেকে কয়েকদিন পর পর সেখানে গিয়ে থাকতেন। এভাবে ৭ মাস একসঙ্গে সংসার করার পর রুহিন রেহেনাকে স্ত্রী হিসেবে মেনে নিচ্ছেন না। এ জন্য স্ত্রীর স্বীকৃতি ও ‘স্বামীর’ বাড়িতে অবস্থান পেতে শুক্রবার থেকে রুহিনের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন তিনি। রুহিন যদি তাকে মেনে নিয়ে বাড়িতে না তুলে তাহলে মারা যাবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

রেহেনা আরো জানান, কোনো কাবিনামা তার কাছে নেই। রুহিনের সঙ্গে তার প্রেম চলাচালীন সময় ও বিয়ের পরে তিনি নিয়মিত শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন। কাবিননামা না থাকলেও ফোনের কথোপকথনের রেকর্ড ও মেসেজ আদান-প্রদানের প্রমাণ রয়েছে। বর্তমানে রুহিনের কথায় তার পরিবার আমাকে মেনে নিচ্ছে না বলে দাবী করেন রেহানা। তাছাড়া এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে।